বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, ঢাকায় এসে আশাবাদ ক্যানিজিয়ার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
বাংলাদেশ একদিন বিশ্বকাপের মঞ্চে খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। তাঁর মতে, পরিকল্পিত উন্নয়ন, উন্নত কোচিং এবং সরকারের সহযোগিতা পেলে বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে জায়গা করে নেওয়া সম্ভব।
সোমবার (১৭ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন সাবেক এই আর্জেন্টাইন তারকা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের আশাবাদের কথা জানান তিনি।
নব্বইয়ের দশকে দিয়েগো ম্যারাডোনার সতীর্থ হিসেবে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ মাতানো ক্যানিজিয়া বাংলাদেশের ফুটবলে তরুণ খেলোয়াড়দের বিকাশের ওপর গুরুত্ব দেন। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে বাংলাদেশের জন্য বড় সম্পদ হিসেবে উল্লেখ করেন তিনি।
ক্যানিজিয়া বলেন, ‘হামজা এখনও তরুণ। প্রিমিয়ার লিগে খেলে আসা একজন খেলোয়াড় পাওয়া যেকোনো দেশের জন্যই দারুণ বিষয়। ইউরোপীয় লিগে খেলার অভিজ্ঞতা দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
বিদেশি লিগে বাংলাদেশের আরও খেলোয়াড়ের খেলার সুযোগ তৈরি করার পরামর্শও দেন তিনি। তাঁর মতে, খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা বাড়াতে পারলে জাতীয় দলও ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে।
বিশ্বকাপে খেলা যে সহজ নয়, সেটিও উল্লেখ করেন ক্যানিজিয়া। তবে গত ১০ থেকে ২০ বছরে বিশ্বের অনেক দেশ ফুটবলে নিজেদের উন্নতি করেছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশও সেই পথ অনুসরণ করতে পারে।
ভবিষ্যতে বিশ্বকাপে অংশ নেওয়া দলের সংখ্যা আরও বাড়তে পারে বলেও মন্তব্য করেন আর্জেন্টাইন কিংবদন্তি। তাঁর মতে, এতে বাংলাদেশের সামনে সুযোগ তৈরি হবে। তবে এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, উন্নত কোচিং ব্যবস্থা, খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা এবং সরকারের সহযোগিতা।
এ সময় ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের প্রসঙ্গেও কথা বলেন ক্যানিজিয়া। পেলে, ম্যারাডোনা ও লিওনেল মেসিকে সর্বকালের সেরা তিন ফুটবলারের তালিকায় রাখেন তিনি।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উদ্দেশে আশাবাদের বার্তা দিয়ে ক্যানিজিয়া বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে।’
আপনার মতামত লিখুন :