বিশ্বকাপের আগে ছিটকে গেলেন জার্মানির তরুণ তারকা লেনার্ট কার্ল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল জার্মানি জাতীয় ফুটবল দল। মাত্র ১৮ বছর বয়সী মিডফিল্ডার লেনার্ট কার্ল চোটের কারণে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।
শুক্রবার (৫ জুন) অনুশীলনের সময় পেশিতে গুরুতর চোট পান এই তরুণ ফুটবলার। পরবর্তীতে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) জানায়, তার পেশি ছিঁড়ে গেছে, যার ফলে তিনি বিশ্বকাপে আর খেলতে পারবেন না।
কার্লের পরিবর্তে দলে ডাকা হয়েছে ২০ বছর বয়সী মিডফিল্ডার আসান ওয়েদ্রাওগো–কে, যিনি বর্তমানে আরবি লাইপজিগে খেলছেন।
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় গুরুতর চোট বা অসুস্থতার কারণে প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগ পর্যন্ত বদলি নেওয়া যায়। জার্মানির প্রথম ম্যাচ আগামী ১৪ জুন, কুরাসাওয়ের বিপক্ষে।
শিকাগোতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে শেষ অনুশীলনেই এই চোট পান কার্ল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ জুলিয়ান নাগেলসমান বলেন, চোটের পরিস্থিতি ভালো মনে হয়নি এবং রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।
কার্লকে এবারের বিশ্বকাপের অন্যতম সম্ভাবনাময় তরুণ হিসেবে দেখা হচ্ছিল। বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি ক্লাবটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী চ্যাম্পিয়ন্স লিগ গোলদাতার রেকর্ডও গড়েছিলেন।
আপনার মতামত লিখুন :