ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বর্তমানে প্রচলিত নিয়মই বহাল রয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে নতুন কোনো পরিপত্র জারি করা হয়নি।

এদিকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন নিজের ফেসবুক পোস্টে বলেন, ২০০৫ সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পর্যালোচনা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে কোনো ‘সিদ্ধান্ত গৃহীত হয়নি’।

এ বিষয়ে কোনো ধরনের অপতথ্য প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে এনটিআরসিএর মাধ্যমে নয়, ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে—এমন খবর প্রকাশিত হলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষামন্ত্রী তাদের অবস্থান স্পষ্ট করেন।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সভার কার্যবিবরণীর নথিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএর সরাসরি সুপারিশের ব্যবস্থা বাতিল করে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এ অবস্থায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও শিক্ষা মন্ত্রণালয় বলছে, নতুন কোনো পরিপত্র জারি না হওয়া পর্যন্ত প্রচলিত নিয়মেই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ কার্যক্রম চলবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ