ক্যারিয়ারের নতুন অধ্যায়ে সোনাক্ষী সিনহা, বদলে গেছে কাজের ভাবনা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
একসময় বাণিজ্যিক ঘরানার সিনেমায় নিয়মিত মুখ ছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার কাজের প্রতি দৃষ্টিভঙ্গিতে এসেছে স্পষ্ট পরিবর্তন। এখন আর বেশি সংখ্যক সিনেমায় অভিনয় নয়, বরং চরিত্রের গভীরতা, অভিনয়ের সুযোগ এবং ব্যক্তিগত তৃপ্তিকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান মানসিকতার কথা তুলে ধরে সোনাক্ষী বলেন, তিনি এখন এমন একটি পর্যায়ে আছেন, যেখানে কেবল নিজের জন্যই কাজ করেন। যে কাজ তাকে আনন্দ দেয়, সেটিই বেছে নেন। এমনকি পছন্দের কাজ না এলেও নিজের জীবন নিয়ে তিনি পুরোপুরি সন্তুষ্ট বলেও জানান।
তার ভাষায়, এই পরিবর্তন হঠাৎ করে আসেনি। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে অন্যকে খুশি করা বা পেশাগত প্রয়োজনের কারণে এমন অনেক ছবিতে অভিনয় করেছেন, যেগুলো তার নিজের প্রথম পছন্দ ছিল না। তবে এখন সচেতনভাবেই এমন চরিত্র নির্বাচন করছেন, যা একজন শিল্পী হিসেবে তাকে তৃপ্তি দেয়।
সোনাক্ষী বলেন, এটি তার শতভাগ সচেতন সিদ্ধান্ত। প্রতিটি নতুন কাজের সঙ্গে তিনি আরও বেশি সন্তুষ্ট হচ্ছেন। ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে কাজ করলেও কোনো কিছু নিয়েই তার আফসোস নেই। এখন তিনি শুধু সেই কাজই করতে চান, যা তাকে সত্যিকারের আনন্দ দেয়।
গত কয়েক বছরে তার চরিত্র নির্বাচনে এই পরিবর্তনের ছাপ স্পষ্ট। ওয়েব সিরিজ দাহাড়-এ একজন পুলিশ কর্মকর্তা, হীরামান্ডি-তে এক তবায়েফ এবং পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি-এর নতুন ছবি ‘সিস্টেম’-এ একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।
নতুন ছবি ‘সিস্টেম’ নিয়েও আশাবাদী সোনাক্ষী। তিনি বলেন, ছবিটি এমন একটি কাজ, যা নিয়ে গর্ব করা যায়। অশ্বিনী আইয়ার তিওয়ারি, জ্যোতিকা ও আশুতোষ গোয়ারিকরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে তিনি দারুণ বলে উল্লেখ করেন।
ছবিটির প্রচারণার সময় পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি সোনাক্ষীকে ভারতের ‘মেরিল স্ট্রিপ’ ও ‘কেট উইন্সলেট’-এর সঙ্গে তুলনা করে প্রশংসা করেন। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি মজা করেই পরিচালককে ফোন করে জানিয়েছিলেন, এমন তুলনা তার ওপর বাড়তি চাপ তৈরি করে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, এমন দুই কিংবদন্তি অভিনেত্রীর সঙ্গে তুলনা হওয়া যে কোনো শিল্পীর জন্যই সম্মানের।
আপনার মতামত লিখুন :