সিলেটের ওসমানীনগরে প্রবাসীর পৈতৃক জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :

সিলেটের ওসমানীনগর উপজেলায় এক প্রবাসীর উত্তরাধিকার সূত্রে পাওয়া পৈতৃক জমি জোরপূর্বক দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জমির মালিক দাবি করা প্রবাসী মুহিবুর রহমান (৫৫) ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর পূর্বপাড়া গ্রামের মৃত মতছির আলীর ছেলে মুহিবুর রহমান। তিনি অভিযোগে বাহরাম খা, ছমছু খা ও জয়নাল খাকে বিবাদী করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়, পরিবারের সদস্যরা দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে অভিযুক্তরা তাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া ৩ শতক পৈতৃক জমি দখল করে সেখানে একটি মার্কেট নির্মাণ করেন। দেশে ফিরে জমি ছাড়ার অনুরোধ করলে তারা অস্বীকৃতি জানান এবং হুমকি-ধমকি ও অশালীন আচরণ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সালিশের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। গত ৩০ মে ২০২৬ তারিখে দোকানঘরের ভাড়াটিয়াদের স্থান ছাড়তে বললে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকি দেন বলেও দাবি করা হয়।

বিরোধপূর্ণ সম্পত্তিটি সিরাজপুর মৌজার বিএস জেএল নং-১৯৬, খতিয়ান নং-১১৭, দাগ নং-১৩২-এর অন্তর্ভুক্ত ৩ শতক জমি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল দেব জানান, অভিযোগের তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে অভিযুক্ত বাহরাম খা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, জমিটি তারা বৈধ দলিলের মাধ্যমে ক্রয় করেছেন।

থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ