আমি একদিনেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারি : ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে আবারও হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চাইলে একদিনেই ইরানের পুরো জ্বালানি খাত ধ্বংস করে দেওয়া সম্ভব।
এক বক্তব্যে ট্রাম্প বলেন, “আমি একদিনেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারি… তাদের পুরো জ্বালানি খাত, প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র—সবকিছুই শেষ করে দিতে পারি।”
এদিকে, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়েও কঠোর অবস্থান জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, এই প্রণালি দিয়ে কোন জাহাজ চলাচল করবে তা ইরান নিয়ন্ত্রণ করতে পারে না। তার মতে, “হয় সব জাহাজ নিরাপদে চলাচল করবে, নতুবা একটিও নয়।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে তাদের পছন্দমতো দেশের কাছে তেল বিক্রি করে অর্থ আয় করতে দেবে না। এ ক্ষেত্রে “সব অথবা কিছুই না”—এই নীতি অনুসরণ করা হবে।
ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য এই অবরোধ অনেকটা ভেনেজুয়েলার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার মতো হবে, তবে আরও বড় পরিসরে। এর ফলে আরও বেশি তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রে আসবে বলেও তিনি উল্লেখ করেন।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এ ধরনের বক্তব্য নতুন করে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
সূত্র : আল জাজিরা
আপনার মতামত লিখুন :