সরকারের সব শক্তি দিয়েও আন্দোলন থামানো যাবে না : রাহুল গান্ধি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতে চলমান নিট (NEET) আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধি। তিনি বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের তিনটি দাবি কোনোভাবেই আপসযোগ্য নয়।
শনিবার (২৫ জুলাই) শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে রাহুল গান্ধি এ মন্তব্য করেন। খবর হিন্দুস্তান টাইমস।
পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে রাহুল বলেন, "মোদি ভারতের অতীত, আর আন্দোলনরত শিক্ষার্থীরাই ভারতের ভবিষ্যৎ। অতীত কখনো ভবিষ্যতের সঙ্গে লড়াই করে জিততে পারে না।"
তিনি অভিযোগ করেন, আন্দোলন দমাতে সরকারের পুরো প্রশাসনিক শক্তি ব্যবহার করা হচ্ছে। তবে এতে শিক্ষার্থীদের পিছু না হটার আহ্বান জানান তিনি।
রাহুল বলেন, "আমি শিক্ষার্থীদের বলেছি, ভয় পেও না। পুরো ভারত সরকার এবং সরকারের সব শক্তি ব্যবহার করেও তোমাদের সরানো যাবে না। তারা হুমকি দিতে পারে, চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু আমরা পিছু হটব না।"
তিনি আরও বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরাই ভারতের ভবিষ্যৎ এবং তাদের ন্যায্য দাবির প্রতি সরকারকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে নিট আন্দোলনে আহত শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে দায়িত্ব থেকে অপসারণ এবং শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেন রাহুল গান্ধি।
আপনার মতামত লিখুন :