মধ্যনগরে ১০১ হাফেজে কোরআনকে সংবর্ধনা, উৎসবমুখর ধর্মীয় আয়োজন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাইদুর রহমান জিয়া, মধ্যনগর( সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১০১ জন হাফেজে কোরআনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইসলামি ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুস ছামাদ। সংগঠনের সাধারণ সম্পাদক খোকন মোহাম্মদ রিয়ান ও সমাজকল্যাণ সম্পাদক শরিফ বিন আব্দুল কুদ্দুসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি ছাত্র পরিষদের সভাপতি মামুন হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা আসরাফুজ্জান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, প্রভাষক জহিরুল ইসলাম জহির, বংশীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুদ্দিন, দক্ষিণ উড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিউল কিবরিয়া তালুকদার, নোয়াগাঁও দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম এবং চিকিৎসক আনোয়ার হোসেন।
ইসলামি ছাত্র পরিষদের পক্ষে স্বাগত বক্তব্য দেন সহসভাপতি আব্দুল ওয়াদুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ রাখিব হোসেন, সাফায়েত উল্লাহ, জিহাদুল ইসলাম ও নাফিজ আহমদ।
আলোচনা শেষে সংবর্ধিত ১০১ জন হাফেজে কোরআনের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, হাফেজরা কোরআনের বাহক এবং সমাজের জন্য অনুকরণীয় আদর্শ। তাদের সম্মানিত করার মাধ্যমে নতুন প্রজন্ম কোরআন শিক্ষার প্রতি আরও উদ্বুদ্ধ হবে।
বক্তারা আরও বলেন, পবিত্র কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজকে সঠিক পথে পরিচালিত করে। তাই কোরআনের আলো সর্বস্তরে ছড়িয়ে দিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
ইসলামি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ জানান, কোরআনের হাফেজদের মর্যাদা প্রতিষ্ঠা ও দ্বীনি শিক্ষার প্রসারে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সংবর্ধনা পাওয়া হাফেজ ও তাদের অভিভাবকদের মাঝে এদিন ছিল আনন্দ ও গর্বের আবহ। উপস্থিত অতিথিরা আয়োজনটিকে ব্যতিক্রমধর্মী ও স্মরণীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :