1. জাতীয়
  2. বিস্তারিত

পাটশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করবে সরকার : বাণিজ্যমন্ত্রী

পাটশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করবে সরকার : বাণিজ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক :

পাটশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার দায়িত্ব সরকার নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে এবং তার সহকর্মীদের এ শিল্পকে পুনরুজ্জীবিত করার গুরুদায়িত্ব দিয়েছেন এবং সেই বিশ্বাসের মর্যাদা রাখতে সরকার আপ্রাণ চেষ্টা করবে।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে পাট দিবসের অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, পাটশিল্পকে প্রথমবার জাতীয়করণের পর আবার বেসরকারিকরণ করা হলেও লোকসানের কলঙ্ক থেকে পুরোপুরি বের হয়ে আসা সম্ভব হয়নি। অথচ পাটশিল্প শুধু বাংলাদেশের ঐতিহ্য নয়, বহির্বিশ্বে এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবেও পরিচিত।

তিনি আরও বলেন, আগামী দিনে এমন সুযোগ তৈরি করা হবে যাতে বিশ্ব বাণিজ্য প্ল্যাটফর্মগুলোতে বাংলাদেশের পাটশিল্পের ক্ষুদ্র প্রস্তুতকারক ও উৎপাদকরা যুক্ত হতে পারেন এবং তাদের পণ্য আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করতে পারেন।

মন্ত্রী জানান, পাটশিল্পের অন্যতম বড় প্রতিবন্ধকতা হলো পাট বীজের অপর্যাপ্ততা। তাই আগামী দিনে পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনকে সরকার প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চাষিরা যাতে লাভজনক মূল্য পান এবং একই সঙ্গে পাটকলগুলো যাতে সাশ্রয়ী মূল্যে কাঁচামাল সংগ্রহ করতে পারে—সেজন্য একটি কার্যকর সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) গড়ে তোলা হবে।

এছাড়া তিনি দেশবাসীকে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান। এতে পাটশিল্পে নতুন সম্ভাবনা তৈরি হবে এবং দেশে এক ধরনের শিল্প বিপ্লব ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন