বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের নতুন পরীক্ষা, প্রতিপক্ষ আর্জেন্টিনা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

আধুনিক ফুটবলের জন্মভূমি হিসেবে পরিচিত ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাস সাফল্যের চেয়ে আক্ষেপেই বেশি ভরা। ২২টি আসরে অংশ নিয়েও মাত্র একবার শিরোপার স্বাদ পেয়েছে থ্রি লায়ন্সরা। এবার ২০২৬ ফিফা বিশ্বকাপে চতুর্থবারের মতো সেমিফাইনালে উঠে ১৯৬৬ সালের পর আবারও ফাইনালে খেলার স্বপ্ন দেখছে ইংল্যান্ড।

বাংলাদেশ সময় বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে টমাস টুখেলের দল। এই ম্যাচে জয় পেলেই ৬০ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠবে ইংল্যান্ড।

২০১৮: ক্রোয়েশিয়ার কাছে স্বপ্নভঙ্গ

রাশিয়া বিশ্বকাপে দারুণ সূচনা করেও সেমিফাইনালে থেমে যায় ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই কাইরান ট্রিপিয়ারের দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

তবে দ্বিতীয়ার্ধে ইভান পেরিসিচ সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ে মারিও মানজুকিচ গোল করে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে জয় এনে দেন। এতে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় ইংল্যান্ডের। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে চতুর্থ স্থান নিয়েই টুর্নামেন্ট শেষ করে তারা।

১৯৯০: টাইব্রেকারে হৃদয়ভাঙা বিদায়

ইতালি বিশ্বকাপের সেমিফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে লড়াই করে ইংল্যান্ড। আন্দ্রেয়াস ব্রেমের গোলে পিছিয়ে পড়লেও গ্যারি লিনেকারের গোলে সমতায় ফেরে দলটি।

অতিরিক্ত সময়েও নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্টুয়ার্ট পিয়ার্স ও ক্রিস ওয়াডল পেনাল্টি মিস করলে ৪-৩ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে পশ্চিম জার্মানি। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ইতালির কাছে হেরে যায় ইংল্যান্ড।

১৯৬৬: একমাত্র সেমিফাইনাল জয়, একমাত্র শিরোপা

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের একমাত্র জয় আসে ১৯৬৬ সালে নিজেদের মাটিতে। ওয়েম্বলি স্টেডিয়ামে পর্তুগালকে ২-১ গোলে হারায় আলফ র‍্যামসের দল। কিংবদন্তি ববি চার্লটন জোড়া গোল করেন, আর পর্তুগালের হয়ে ইউসেবিও একটি পেনাল্টি থেকে গোল শোধ করেন।

সেই জয় ইংল্যান্ডকে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে তোলে। পরে পশ্চিম জার্মানিকে অতিরিক্ত সময়ে ৪-২ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের একমাত্র বিশ্বকাপ শিরোপা জিতে নেয় থ্রি লায়ন্সরা।

এবার সামনে আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ইংল্যান্ড। এবার তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এই সেমিফাইনালে জয়ী দল আগামী ১৯ জুলাই নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খেলবে। সেখানে প্রতিপক্ষ হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স অথবা বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।

এখন দেখার বিষয়, ইতিহাসের ভার কাঁধে নিয়ে ইংল্যান্ড কি ৬০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে, নাকি আর্জেন্টিনা আরও একবার তাদের স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ