পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে রোয়াংছড়িতে পিসিপির বার্ষিক সম্মেলন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

চিংনুমং মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রিতিনিধ : 

"সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র সমাজ অধিকতর সামিল হউন"—এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ জুলাই) বান্দরবানের রোয়াংছড়ি টাউন হলে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) বান্দরবান জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক অংশৈ মং মারমা। বিশেষ অতিথি ছিলেন পিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অন্তর চাকমা এবং পিসিপি বান্দরবান জেলা শাখার সভাপতি উশৈহ্লা মারমা।

রোয়াংছড়ি থানা শাখার সভাপতি হ্লামংচিং মারমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিলাল তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন থানা শাখার সাংগঠনিক সম্পাদক অংশৈ সাই মারমা।

প্রধান অতিথির বক্তব্যে অংশৈ মং মারমা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি দীর্ঘদিনেও বাস্তবায়িত হয়নি। তিনি অভিযোগ করেন, পার্বত্য অঞ্চলে অতিরিক্ত সেনা উপস্থিতি ও বিভিন্ন ধরনের হয়রানি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলছে। এসব পরিস্থিতির বিরুদ্ধে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি অন্তর চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের ইতিহাস শোষণ ও বঞ্চনার ইতিহাস। তিনি দাবি করেন, জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠা ও আত্মনিয়ন্ত্রণের দাবিতে দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও আজও এর পূর্ণ বাস্তবায়ন হয়নি। তিনি ভূমি সমস্যা, বিভিন্ন ধরনের হয়রানি এবং পার্বত্য অঞ্চলের নানা সংকটের কথা তুলে ধরে চুক্তি বাস্তবায়নের আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।

পিসিপি বান্দরবান জেলা শাখার সভাপতি উশৈহ্লা মারমা বলেন, স্বাধীনতার পরও পার্বত্য অঞ্চলের জনগণের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার নিয়ে নানা সংকট রয়ে গেছে। তিনি অভিযোগ করেন, ভূমি দখল, সেনা শাসন ও বিভিন্ন বৈষম্যমূলক কর্মকাণ্ডের কারণে জুম্ম জনগণ এখনও নানা সমস্যার মুখোমুখি। তিনি সংগঠনের আদর্শ ধারণ করে অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রাখার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান।

সম্মেলন শেষে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে মনিলাল তঞ্চঙ্গ্যাকে সভাপতি, চসিংথোয়াই মারমাকে সাধারণ সম্পাদক এবং অংসাপ্রু মারমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট পিসিপি রোয়াংছড়ি থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান পিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেঙ ইয়ং ম্রো।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ