প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল, অনলাইন ও এসএমএসে জানবেন যেভাবে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক :

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। একই সময়ে দেশের সব শিক্ষা বোর্ডের ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে পাওয়া যাবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফল প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই অনলাইনে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান।

যেভাবে জানা যাবে ফল

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবে। এ জন্য ওয়েবসাইটের ‘রেজাল্ট’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর দিয়ে ফল ডাউনলোড করতে হবে।

অন্যদিকে, পরীক্ষার্থীরা eduboardresults.gov.bd, educationboardresults.gov.bd অথবা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল জানতে পারবেন।

এ ছাড়া মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফল জানার সুযোগ রয়েছে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ‘HSC DHA 123456 2026’ এবং পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। এখানে ‘DHA’-এর পরিবর্তে নিজ নিজ শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এবং ‘123456’-এর পরিবর্তে পরীক্ষার রোল নম্বর দিতে হবে।

পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে

ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী ফলাফলে অসন্তুষ্ট হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত এ আবেদন গ্রহণ করা হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এবার পরীক্ষার্থী ১২ লাখের বেশি

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এবং এতে অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।

গত ২ জুলাই পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি।

ফল প্রকাশকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অপেক্ষা ও উদ্বেগ তৈরি হয়েছে। এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন সারা দেশের লাখো শিক্ষার্থী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ