নিউজ বাংলা ডেস্ক :
হাম ও হামের উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে। বাকিদের ক্ষেত্রে হামের উপসর্গ থাকলেও এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত হামের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশুর মৃত্যু ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে।
এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় ৫৪ জন শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৩২৯ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ হাজার ৪১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলমান প্রাদুর্ভাবে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪১৪ জন এবং নিশ্চিত হামে মারা গেছে ৮৫ জন শিশু। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :