কক্সবাজারে বনখেকোদের হামলায় রক্তাক্ত রেঞ্জ কর্মকর্তা, আহত ৫ বনকর্মী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আল আমিন, কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জে বনভূমি দখলবিরোধী অভিযান পরিচালনার সময় সংঘবদ্ধ দখলদার চক্রের হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজন বনকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই সমিতিপাড়া এলাকায় সৃজিত বনভূমি দখল করে গড়ে তোলা একটি অবৈধ পানের বরজ উচ্ছেদ করা হয়। একই অভিযানের ধারাবাহিকতায় শিয়াপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় ধ্বংসে ব্যবহৃত একটি ডাম্পট্রাকও জব্দ করা হয়। এসব অভিযানে বনভূমি দখল ও পাহাড় কাটার সঙ্গে জড়িত চক্রের অবৈধ কর্মকাণ্ডে বড় ধরনের আঘাত লাগে।
এর ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই) সকালে পানেরছড়া রেঞ্জের আওতাধীন এলাকায় আরেকটি অবৈধ পানের বরজ উচ্ছেদ অভিযানে গেলে বনকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় সংঘবদ্ধ দখলদার চক্র।
হামলায় আহত হয়েছেন পানেরছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। সংগঠনটি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
সংগঠনটির মতে, বনভূমি রক্ষা ও বন আইন বাস্তবায়নে নিয়োজিত সরকারি কর্মকর্তাদের ওপর এ ধরনের হামলা শুধু বন বিভাগের ওপর নয়, রাষ্ট্রের আইন ও প্রশাসনের ওপরও সরাসরি চ্যালেঞ্জ। একই সঙ্গে বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে বনভূমি দখলদার ও পাহাড়খেকোদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
বন সংশ্লিষ্টদের ভাষ্য, বনভূমি দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই সম্পদ রক্ষায় দায়িত্ব পালনকারী বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বন অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি।
আপনার মতামত লিখুন :