দীর্ঘ ৫ বছর পর ছোট পর্দার ধারাবাহিকে ফিরলেন তানজিম সাইয়ারা তটিনী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে আবারও ধারাবাহিক নাটকে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। নাটকটিতে তার চরিত্রের নাম ‘নূরজাহান’।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে তটিনীর প্রথম লুক। প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
ধারাবাহিকটিতে তটিনীর পাশাপাশি অভিনয় করছেন খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, ফাইজুল ইয়ামিন, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার, এজাজুল ইসলাম ও মুকিত জাকারিয়াসহ একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী।
বিশেষ আকর্ষণ হিসেবে এই নাটকের মাধ্যমে দীর্ঘ বিরতির পর ধারাবাহিক নাটকে ফিরছেন অভিনেত্রী সুমাইয়া শিমুও।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, পারিবারিক গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ফিরে আসার গল্প’। আগামী মাসে নাটকটির শুটিং শুরু হবে। শুটিং শেষে সম্প্রচারের তারিখ ও টেলিভিশন চ্যানেলের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’, ‘তোমাদের গল্প ২’ এবং ‘সম্পর্কের গল্প’ নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তটিনী। সম্প্রতি একই নির্মাতার নতুন নাটক ‘পথহারা’-এর শুটিংও শেষ করেছেন তিনি।
অন্যদিকে, সর্বশেষ জাকারিয়া সৌখিন পরিচালিত ‘কাজল চোখের মেয়ে’ নাটকে ফারহান আহমেদ জোভান-এর বিপরীতে অভিনয় করে আলোচনায় ছিলেন তটিনী। ইউটিউবে মুক্তির মাত্র আট দিনের মধ্যেই নাটকটি ১৩ মিলিয়নের বেশি ভিউ অর্জন করে।
এদিকে আজই মুক্তি পাচ্ছে তটিনীর নতুন নাটক ‘অমর প্রেম’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ। নতুন ধারাবাহিক ও একের পর এক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
আপনার মতামত লিখুন :