দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৪১
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মারা গেছে ৬৪৮ জন শিশু এবং নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে ৯৩ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪১ জনে।
সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর-এর হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৬টি শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশজুড়ে শিশুদের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কার্যক্রম জোরদার করা এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান নিশ্চিত করা গেলে হামজনিত মৃত্যু ও সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এ ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :