নোরা ফাতেহি–হাকিমি প্রেম গুঞ্জন ঘিরে জল্পনা তুঙ্গে, তবে সত্যতা নিয়ে ধোঁয়াশা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান আরও শক্ত করেছেন ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত ‘সির সির’ গানে অংশ নিয়ে। বিশ্বজুড়ে আলোচনায় এসেছে তার এই পারফরম্যান্স।

তবে সাম্প্রতিক সময়ে তার ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে শুরু হয়েছে গুঞ্জন। মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমি-এর সঙ্গে তার সম্পর্ক রয়েছে কি না- এ নিয়েই চলছে নানা আলোচনা।

গুঞ্জনের শুরু ২০২৫ সালে। সে সময় আফ্রিকান কাপ অব নেশনসের একটি ম্যাচে মরক্কোতে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদনভিত্তিক প্ল্যাটফর্মে দাবি ওঠে, তিনি নাকি এক ‘রহস্যময় ফুটবলার’-এর জন্যই মাঠে গিয়েছিলেন।

পরবর্তীতে বিভিন্ন ভারতীয় প্রতিবেদনে সেই ফুটবলারের নাম হিসেবে উঠে আসে আশরাফ হাকিমি। যদিও এ দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি।

গুঞ্জন আরও জোরালো হয় সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ঘটনাকে কেন্দ্র করে। ভক্তদের দাবি, হাকিমি নোরার একটি ইনস্টাগ্রাম পোস্টে ‘লাইক’ দিয়েছেন, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল–মরক্কো ম্যাচে সরাসরি মাঠে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। তিনি মরক্কো দলকে সমর্থন করে ম্যাচের নানা মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন।

ম্যাচ চলাকালীন নোরা মরক্কোর একটি গোল উদযাপন করে ভিডিও পোস্ট করেন এবং ব্রাজিলের গোলের পর প্রতিক্রিয়াও জানান, যা ভক্তদের মধ্যে আরও কৌতূহল বাড়ায়।

তবে এখন পর্যন্ত নোরা ফাতেহি কিংবা আশরাফ হাকিমি- কেউই তাদের সম্পর্ক নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। একসঙ্গে উপস্থিতি বা যৌথ কোনো প্রমাণও প্রকাশ্যে আসেনি।

এদিকে হাকিমির ব্যক্তিগত জীবন নিয়েও অতীতে নানা আলোচনা হয়েছে। তবে বিচ্ছেদের পর থেকে তিনি মূলত নিজের ক্যারিয়ারেই মনোযোগ দিয়েছেন বলে জানা যায়।

সব মিলিয়ে নোরা ফাতেহি ও আশরাফ হাকিমিকে ঘিরে গুঞ্জন চললেও, বিষয়টি এখনো নিশ্চিত কোনো তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়নি, বরং তা কেবল জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ