অপরাধীদের কোনো দল-মত নেই, জনগণের স্বার্থেই কাজ করতে হবে : ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অপরাধীর কোনো দল, মত বা সামাজিক পরিচয় নেই। তাই জনগণের কল্যাণে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করতে হবে।
সোমবার (১৩ জুলাই) ডিএমপি সদরদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি থানার আওতাধীন এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে। তবে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ কিংবা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি কমিশনার আশা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনগণের আস্থা ও সেবার মান আরও শক্তিশালী করতে সক্ষম হবে।
সভা শেষে জুন মাসে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন ইউনিট ও পদমর্যাদার কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।
আপনার মতামত লিখুন :