আলিয়া ভাটের ‘আলফা’য় বড় ধরনের ধাক্কা, প্রথম দিনের আয় ঘিরে হতাশা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে এবার প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে দুই নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘আলফা’। আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত এই অ্যাকশন থ্রিলার মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল।
টিজার ও ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে আলোচনাও হয় ব্যাপক। তবে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি ছবিটির প্রথম দিনের আয়ের পরিসংখ্যান।
সিনেবাণিজ্য বিশ্লেষক প্রতিষ্ঠান স্যাকনিল্কের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার মুক্তির দিন ভারতে ‘আলফা’ প্রায় ৯ কোটি রুপি আয় করেছে। দেশজুড়ে প্রায় ৭ হাজার ৫০০-এর বেশি পর্দায় মুক্তি পেলেও ছবির উদ্বোধনী আয় এক অঙ্কের ঘরেই সীমাবদ্ধ থাকে।
যশরাজ স্পাই ইউনিভার্সের আগের ব্লকবাস্টারগুলোর তুলনায় এই সূচনা বেশ পিছিয়ে। শাহরুখ খানের ‘পাঠান’ প্রথম দিনেই ৫৭ কোটি রুপি, সালমান খানের ‘টাইগার ৩’ ৪৩ কোটি রুপি এবং হৃত্বিক রোশনের ‘ওয়ার ২’ ৫২ কোটি রুপি আয় করেছিল।
তবে আলিয়া ভাটের আগের ছবি ‘জিগরা’র তুলনায় ‘আলফা’র শুরু তুলনামূলক ভালো। ‘জিগরা’ প্রথম দিনে আয় করেছিল প্রায় ৪.৫৫ কোটি রুপি, সেই হিসেবে নতুন ছবিটি প্রায় দ্বিগুণ আয় নিয়ে যাত্রা শুরু করেছে।
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে এটি একটি নতুন সংযোজন, যেখানে প্রথমবারের মতো নারী গুপ্তচরদের কেন্দ্র করে অ্যাকশন গল্প দেখানো হয়েছে। আগে এই ফ্র্যাঞ্চাইজিতে শাহরুখ খান, সালমান খান ও হৃত্বিক রোশনের মতো তারকারা মূল ভূমিকায় ছিলেন।
মুক্তির আগে ছবিটি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অ্যাকশন ঘরানায় আলিয়া ভাটের পারফরম্যান্স নিয়ে নানা মত উঠে আসে। তবে বিশ্লেষকরা বলছেন, সপ্তাহান্তের আয়ের ওপর ছবিটির ভবিষ্যৎ বক্স অফিস সাফল্য অনেকটাই নির্ভর করবে।
আপনার মতামত লিখুন :