পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো দেবতাখুম, মানতে হবে বিশেষ নির্দেশনা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

চিংনুমং মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : 

টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চার দিন বন্ধ থাকার পর বান্দরবানের রোয়াংছড়ির জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুম শর্তসাপেক্ষে পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় গত মঙ্গলবার (২১ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এ বিষয়ে এর আগে সোমবার রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা ভারী বৃষ্টিপাতের কারণে নদী, ঝিরি ও ছড়ার পানির প্রবাহ বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় বন্যা ও পাহাড়ধসের ঝুঁকি সৃষ্টি হয়েছিল। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত দেবতাখুমে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে আবহাওয়া ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় ২১ জুলাই থেকে পর্যটকদের জন্য স্পটটি পুনরায় উন্মুক্ত করা হয়েছে।

তবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন কয়েকটি শর্ত আরোপ করেছে। নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেল, চাঁদের গাড়ি কিংবা ব্যক্তিগত কোনো যানবাহন কচ্ছপতলী বাজারের বাইরে যেতে পারবে না। সব যানবাহন সেখানেই পার্কিং করতে হবে এবং কচ্ছপতলী বাজার থেকে দেবতাখুম পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথ পর্যটকদের হেঁটে যেতে হবে।

এ ছাড়া নৌপথে ভ্রমণের সময় প্রত্যেক পর্যটকের জন্য লাইফ জ্যাকেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। লাইফ জ্যাকেট ছাড়া কাউকে নৌযানে ওঠার অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যটন ব্যবস্থাপনা কমিটি ও নিবন্ধিত গাইডদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি জানান, আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে কিংবা ভারী বৃষ্টিপাত, পাহাড়ধস বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলে পূর্ব ঘোষণা ছাড়াই দেবতাখুমে পর্যটকদের প্রবেশ আবারও সাময়িকভাবে বন্ধ বা সীমিত করা হতে পারে। তাই ভ্রমণে যাওয়ার আগে সর্বশেষ পরিস্থিতি জেনে এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ