শেরপুরে ছাত্রদলের সাবেক নেতার রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
মো. রিয়াজ, শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুর শহরে শ্বশুরবাড়িতে আলী রেজা (২৫) নামে জেলা ছাত্রদলের এক সাবেক নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যার অভিযোগ তোলা হলেও পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মঙ্গলবার (৭ জুলাই) ভোরে শহরের পৌর ট্রাক টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী রেজা শহরের বাগরাকসা এলাকার কাঁচামাল ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম কালুর ছেলে এবং জেলা ছাত্রদলের সাবেক প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে পরিবারের অমতে নিরাপত্তাকর্মী মো. লুৎফর রহমানের মেয়ে লুৎফুন্নাহার লোপাকে বিয়ে করেন আলী রেজা। বিয়ের পর থেকে তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরের ভাড়া বাসায় বসবাস করছিলেন।
নিহতের স্বজনদের দাবি, মঙ্গলবার ভোরে আলী রেজাকে গুরুতর অসুস্থ অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে শ্বশুরবাড়ির লোকজন তাদের জানান, তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যরা আলী রেজাকে মৃত অবস্থায় দেখতে পান।
নিহতের ভাই আলী হাসান ও চাচা একাব্বর আলী অভিযোগ করেন, আলী রেজাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাদের দাবি, ঘটনাটি আত্মহত্যা নয়; বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আলী রেজার শ্বশুর মো. লুৎফর রহমান ও স্ত্রী লুৎফুন্নাহার লোপার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, প্রথমে নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের আবেদন করেছিল। পরে তারা সিদ্ধান্ত পরিবর্তন করলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :