তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে অর্ধকোটির বেশি মানুষের উপস্থিতি হবে : রিজভী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তন ঘিরে দলটির নেতাকর্মীরা দিনটিকে স্মরণীয় করে রাখতে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে এগোচ্ছে।
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি যেমন প্রত্যাশা করছে, তারই কিছু আভাস পাচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষের মহামিলনে পরিণত হবে বিমানবন্দর। এদিন অর্ধ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে ঢাকায়।
২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে তারেক রহমানের সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেছেন।
রিজভী বলেন, তারেক রহমান জাতীয়তাবাদী শক্তির একজন প্রতীক। তার নিরাপত্তা প্রথমত সরকারের দেখার কথা, তারপর দল। দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছে, সেভাবেই প্রস্তুতিও নিচ্ছে। আশা করি সরকারও সেটা নিচ্ছে। যেটার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেন, আগামী পরশুদিনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন শান্তিপূর্ণ হবে। অসংখ্য জনতার শুভেচ্ছায় সিক্ত হবেন তিনি। সেই জনসমাগমকে তিনি শুভেচ্ছা জানাবেন। অনেক দিন পর তিনি ফিরে আসছেন, তাদেরকে অভিবাদন জানাবেন।
প্রসঙ্গত, তারেক রহমান দেশে ফিরে বিমানবন্দর থেকে ৩০০ ফুট এলাকায় জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে যাবেন এভারকেয়ার হাসপাতালে। থাকবেন গুলশান এভিনিউর বাসায়। পুরো যাত্রাপথে তার নিরাপত্তা নিশ্চিতে তৎপর বিএনপি। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে রয়েছে আলাদা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।
আপনার মতামত লিখুন :