কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৪ বছরের কারাদণ্ড


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মাদারীপুর সংবাদদাতা :

মাদারীপুরের রাজৈরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে নাফিজ মোল্লা নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে মাদারীপুর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আ. স. ম শহীদুল্লাহ কায়সার এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নাফিজ মোল্লা রাজৈর উপজেলার পূর্বকান্দি শাখারপাড় গ্রামের মতিয়ার মোল্লার ছেলে। মামলার অপর আসামি নাফিজের মা শাহানা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২১ মার্চ ভোরে নবম শ্রেণির ওই শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার পথে নাফিজ মোল্লা ও তার সহযোগীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর অজ্ঞাত স্থানে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার দুই দিন পর ২৩ মার্চ ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে রাজৈর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার ও নাফিজকে গ্রেপ্তার করে। তৎকালীন রাজৈর থানার উপ-পরিদর্শক এখতিয়ার আহম্মেদ তদন্ত শেষে ২০২৩ সালের ৩১ মার্চ নাফিজকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ শুনানির পর আজ আদালত এই রায় প্রদান করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শরীফ মো. সাইফুল কবীর।

পিপি শরীফ মো. সাইফুল কবীর বলেন, ‘দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন। এ রায়ে ভুক্তভোগীর পরিবার ও রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। আমরা মনে করি, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী ন্যায়বিচার পেয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ