ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে ইসলামাবাদে কঠোর নিরাপত্তা, শহরজুড়ে সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
বহুল আলোচিত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদ-কে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনা সামনে রেখে শহরজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।
জানা গেছে, পাকিস্তান-এর প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শুক্রবার ইসলামাবাদে পৌঁছানোর কথা দুই দেশের প্রতিনিধিদলের। তবে হোয়াইট হাউস জানিয়েছে, আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে শনিবার।
আলোচনাকে ঘিরে শহরে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোর আশপাশে চেকপোস্ট বসিয়ে কঠোর তল্লাশি চালানো হচ্ছে। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে অনেক স্কুল ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে।
এদিকে, দুই দেশের প্রতিনিধিদলের থাকার জন্য নির্ধারিত সেরেনা হোটেল সম্পূর্ণ খালি করে ফেলা হয়েছে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। হোটেলটির আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকাও লকডাউন করেছে নিরাপত্তাবাহিনী।
মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের পক্ষে দেশটির পার্লামেন্টের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।
বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলে বাড়ছে আগ্রহ, আর সম্ভাব্য ফলাফল নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
আপনার মতামত লিখুন :