চার বিভাগে ভারি বর্ষণের শঙ্কা, সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে একই ধরনের বৃষ্টি হতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে জানানো হয়, খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে সামান্য বৃদ্ধি পেতে পারে।
আপনার মতামত লিখুন :