হোসেনপুরে মসজিদ থেকে ১৭ সিলিং ফ্যান চুরি, রহস্য উদঘাটনে আটক ২


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: মানসুরুল হক রবিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া ১৭টি সিলিং ফ্যানের ঘটনার রহস্য উদঘাটন করেছে হোসেনপুর থানা পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত ও চোরাই মাল ক্রয়ের অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে চোরাইকৃত দুটি সিলিং ফ্যান।

সোমবার (১৩ জুলাই) বিকেলে হোসেনপুর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

পুলিশ জানায়, চলতি বছরের মে মাস থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে মোট ১৭টি সিলিং ফ্যান চুরি হয়। ধারাবাহিকভাবে ফ্যান উধাও হওয়ার ঘটনায় মুসল্লি ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে হোসেনপুর থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তভার পান হোসেনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে উপজেলার পশ্চিম দীপেশ্বর গ্রামের স্বপন মিয়ার ছেলে পারভেজ মোশারফ ওরফে বেলা (৩২)-কে চুরির সঙ্গে জড়িত হিসেবে শনাক্ত করা হয়।

পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পারভেজ মোশারফকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মসজিদ থেকে সিলিং ফ্যান চুরির কথা স্বীকার করেন এবং চোরাইকৃত ফ্যান বিক্রির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ উপজেলার নতুন বাজার এলাকার হলুদ মিয়ার ইলেকট্রনিক্সের দোকানে অভিযান চালিয়ে চোরাইকৃত দুটি সিলিং ফ্যান উদ্ধার করে।

পুলিশি জিজ্ঞাসাবাদে হলুদ মিয়া জানান, তিনি পারভেজ মোশারফের কাছ থেকে মোট চারটি সিলিং ফ্যান প্রতিটি ৬০০ টাকা দরে কিনেছিলেন। পরে ওই চারটির মধ্যে দুটি ফ্যান প্রতিটি ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি করে দেন। বাকি দুটি ফ্যান তার দোকান থেকে উদ্ধার করা হয়েছে।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “মসজিদ থেকে চুরি হওয়া সিলিং ফ্যান উদ্ধারে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত পরিচালনা করেছে। তদন্তে মূল অভিযুক্তকে আটকের পাশাপাশি চোরাই মাল ক্রয় ও সংরক্ষণের অভিযোগে হলুদ মিয়াকেও আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ফ্যানগুলো জব্দ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া বাকি সিলিং ফ্যানগুলো উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ