শেরপুরে আশরাফুল ইসলাম হত্যা মামলার আসামি আবুল হাসেম সরকার গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: রিয়াজ, শেরপুর জেলা প্রতিনিধি :
পূর্ব শত্রুতা ও জমি-সংক্রান্ত বিরোধের জেরে শেরপুরের শ্রীবরদীতে সংঘটিত আশরাফুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি আবুল হাসেম সরকারকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, শ্রীবরদী উপজেলার মাদারপুর গ্রামের শাহালম ও তার পরিবারের সঙ্গে আবুল হাসেম সরকারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০২৬ সালের ১৬ মে রাতে অভিযুক্তরা শাহালমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও চুরির অভিযোগে জড়িত ছিল বলে উল্লেখ করা হয়।
এর দুই দিন পর ১৮ মে সকালে দেশীয় অস্ত্র নিয়ে শাহালমের ভাই আশরাফুল ইসলামকে (৩২) এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় পেনাল কোডের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মামলার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে র্যাব-১৪ গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করে। এরই ধারাবাহিকতায় ২ জুলাই ২০২৬ রাতে গাজীপুরের পূবাইল থানার মীরের বাজার এলাকায় র্যাব-১-এর সহযোগিতায় অভিযান চালিয়ে আবুল হাসেম সরকারকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :