প্রতি বর্ষায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
প্রতি বর্ষায় সারাদেশের শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই আহ্বান জানান তিনি।
সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে সারাদেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে তিনি সৌদি আরবে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিমগাছ রোপণের স্মৃতিচারণ করেন। প্রধানমন্ত্রী বলেন, আরাফাতের ময়দানে জিয়াউর রহমানের লাগানো নিমগাছগুলো স্থানীয় মানুষের কাছে ‘জিয়া ট্রি’ নামে পরিচিত। তিনি বৃক্ষরোপণের বহুমুখী উপকারিতা তুলে ধরে শিক্ষার্থীদের গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের প্রতি বিশেষভাবে তাগিদ দেন।
এর আগে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) গার্ড অব অনার গ্রহণ শেষে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনপ্রতিরক্ষায় বিএনসিসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে জেলা ও উপজেলা পর্যায়ে বিএনসিসির কার্যক্রম আরও বিস্তৃত করতে সরকার উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে।
তিনি আরও জানান, বিএনসিসির প্রশিক্ষণ কার্যক্রমকে সময়োপযোগী ও আধুনিক করতে সরকার প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করবে।
আপনার মতামত লিখুন :