ওসমানীনগরে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শরীফ আহমদ চৌধুরী , ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বিস্তার রোধে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১১টায় ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমুল আহসান সহ অন্যান্য বক্তারা বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
তারা বলেন, বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম ও অন্যান্য পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজনন রোধ করা যায়।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগ যথেষ্ট নয়; বরং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয় এবং সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :