সেলিনা–পিটারের বিচ্ছেদ মামলায় নতুন মোড়, পাল্টাপাল্টি আইনি নোটিশ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি এবং তার স্বামী পিটার হগের চলমান বিচ্ছেদ মামলা নতুন করে আলোচনায় এসেছে। এবার সেলিনার বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে দুটি পৃথক আইনি নোটিশ পাঠানো হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইভিত্তিক আইন সংস্থা ‘সেমওয়াল অ্যান্ড কোম্পানি’ বিষয়টি নিশ্চিত করেছে। একটি নোটিশ পাঠিয়েছেন পিটার হগের বাবা এবং অন্যটি পাঠিয়েছেন পিটার হগ নিজে।
অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন সাক্ষাৎকার, সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে দেওয়া বক্তব্যে সেলিনা এমন মন্তব্য করেছেন, যা পরিবারের সুনাম ক্ষুণ্ন করেছে এবং তা মানহানিকর ও বিভ্রান্তিকর।
নোটিশে আরও বলা হয়, এতদিন বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও আদালতে চলমান মামলা থাকা সত্ত্বেও সেলিনার প্রকাশ্য মন্তব্য পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এ কারণে তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।
পিটার হগ ও তার পরিবারের পক্ষ থেকে সেলিনার সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। এর মধ্যে গার্হস্থ্য সহিংসতা, মানসিক নির্যাতন, হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং সন্তানদের থেকে দূরে রাখার অভিযোগও রয়েছে।
অন্যদিকে সেলিনা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, ১৫ বছরের দাম্পত্য জীবনে তিনি নির্যাতনের শিকার হয়েছেন। গত বছর তিনি পিটার হগের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেন এবং ৫০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন।
তার অভিযোগ অনুযায়ী, সন্তানরা বর্তমানে অস্ট্রেলিয়ায় বাবার কাছে রয়েছে এবং তার সঙ্গে যোগাযোগ সীমিত করা হয়েছে। তিনি আরও গুরুতর কিছু অভিযোগও উত্থাপন করেছেন, যা আদালতে বিচারাধীন রয়েছে।
মামলাটি বর্তমানে চলমান থাকায় উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনড়। ফলে পরবর্তী আইনি পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলে।
আপনার মতামত লিখুন :