টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে দুর্ঘটনা, প্রাণ গেল ৮ বছরের স্কুলছাত্রীর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

তারিকুল হাসান রনি, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর-এ পর্যটকবাহী একটি হাউসবোটে মর্মান্তিক দুর্ঘটনায় সৌম্যতা সরকার নিঝুম (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেল ৩টার দিকে ‘ভ্রমণশৈলী প্রিমিয়াম হাউসবোট’-এ এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিঝুম ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকারের মেয়ে। সে সুনামগঞ্জ শহরের শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। পরিবারের বড় একটি বোন রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হাউসবোটের মালিক পঙ্কজ রায় সম্প্রতি নতুন করে ‘ভ্রমণশৈলী প্রিমিয়াম হাউসবোট’ নির্মাণ করেন। উদ্বোধনী ভ্রমণ উপলক্ষে শুক্রবার সকালে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের নিয়ে তারা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। নিহত শিশুটির বাবা এসআই স্বপন চন্দ্র সরকার হাউসবোট মালিকের আত্মীয়।

ভ্রমণ শেষে বিকেলে শহীদ সিরাজ লেকের দিকে যাওয়ার সময় হাউসবোটের পেছন দিক থেকে সামনের দিকে আসছিল নিঝুম। এ সময় অসাবধানতাবশত তার পা পিছলে যায়। বোটের কাঠের ফাঁক দিয়ে নিচে থাকা ইঞ্জিনের গিয়ার বক্সের ওপর পড়ে গিয়ে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাউসবোটের মালিক পঙ্কজ রায় বলেন, নতুন হাউসবোটের এটি ছিল প্রথম ভ্রমণ। আনন্দঘন একটি দিনের পরিকল্পনা থাকলেও হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনায় সবাই গভীর শোকে ভেঙে পড়েছেন।

নিহত শিশুটির বাবা এসআই স্বপন চন্দ্র সরকার বলেন, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। এখন মেয়ের নিথর দেহ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।

তাহিরপুর থানার এসআই পঙ্কজ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাবশত হাউসবোটের ভেতরে ইঞ্জিনের ওপর পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্বজনদের আবেদনের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, হাওর ভ্রমণের সময় শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়া এবং নৌযান ও হাউসবোটে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

ঘটনার পর নিহত শিশুর পরিবারসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। টাঙ্গুয়ার হাওরে এমন মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যেও গভীর দুঃখ ও উদ্বেগ তৈরি হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ