হরমুজ প্রণালি নিয়ে ইরান-ওমানের আলোচনা শেষ পর্যায়ে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
ইরান ও ওমানের মধ্যকার গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে তিনি জানান।
রোববার (২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আব্বাস আরাঘচি জানান, ইরানি মন্ত্রিসভায় উপস্থাপিত এক প্রতিবেদনে তিনি মাসকাট ও তেহরানের মধ্যকার আলোচনাকে চূড়ান্ত বা বাস্তবায়নের পথে বলে উল্লেখ করেছেন।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে আসছে। এ প্রণালির নিরাপত্তা, ব্যবস্থাপনা এবং নৌ চলাচল নিশ্চিত করতে গত কয়েক সপ্তাহ ধরে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ।
বিশ্লেষকদের মতে, ইরান ও ওমানের এই অগ্রগতি উপসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
আপনার মতামত লিখুন :