জাতিসংঘের ভাষণ দিয়েই সফর সংক্ষিপ্ত করে নিউইয়র্ক ছাড়ছেন নেতানিয়াহু


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

নিরাপত্তা সতর্কতার কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলে ফিরে যাবেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘে ভাষণ ও আনুষঙ্গিক জরুরি কার্যক্রম শেষ করেই নিউইয়র্ক ত্যাগ করবেন নেতানিয়াহু। চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক কয়েক দিনের আলোচনার পর নিরাপত্তা কর্মকর্তারা নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর দীর্ঘ না করার সুপারিশ করেন। এসব আলোচনার কয়েকটিতে নেতানিয়াহুও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে উপস্থাপিত গোয়েন্দা তথ্যের মধ্যে নির্দিষ্ট কিছু সতর্কবার্তা ছিল। এসব তথ্যের ভিত্তিতেই সফর সংক্ষিপ্ত করার সুপারিশ করা হয়। তবে ওই সতর্কবার্তাগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এর আগে বুধবার স্থানীয় সময় গভীর রাতে ইসরায়েল ছাড়েন নেতানিয়াহু। বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রে পৌঁছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। ভাষণ শেষে নিউইয়র্কে রাতযাপন না করেই ইসরায়েলে ফিরে যাবেন তিনি।

গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান এবং অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মধ্যেই নিউইয়র্ক সফরে গেছেন নেতানিয়াহু। তার সফরকে ঘিরে শহরটিতে বিক্ষোভেরও পূর্বাভাস রয়েছে।

এদিকে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করার একদিন পরই যুক্তরাষ্ট্র সফরে গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এর আগে মামদানি মার্কিন ফেডারেল কর্তৃপক্ষকে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আহ্বান জানিয়েছিলেন।

২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। ইসরায়েল অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ