রাশিয়ার ১২ অঞ্চল ও ক্রিমিয়ায় একযোগে ৬৬০ ড্রোন হামলা চালায় ইউক্রেন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার বিভিন্ন অঞ্চলে একযোগে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার গভীর রাতে দেশটির ১২টি অঞ্চল, অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপ এবং পার্শ্ববর্তী সাগর এলাকায় মোট ৬৬০টি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর এটিকে অন্যতম বৃহত্তম ড্রোন হামলা বলে দাবি করেছে মস্কো।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। এর আগে ইউক্রেন সর্বোচ্চ ৫৫৬টি ড্রোন ব্যবহার করে বড় ধরনের হামলা চালিয়েছিল। সর্বশেষ এই হামলার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা।
দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধে কৌশলগত চাপ তৈরি করতে ইউক্রেন ধারাবাহিকভাবে রাশিয়ার অস্ত্র সংরক্ষণাগার, তেল উৎপাদন কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে, ইউক্রেনের এসব বড় পরিসরের দুরপাল্লার হামলায় রাশিয়ার জ্বালানি সরবরাহ ও সামরিক রসদ ব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়ছে। এতে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অভিযান ব্যাহত হচ্ছে এবং দেশটির শীর্ষ নেতৃত্বের ওপর চাপ বাড়ছে।
এদিকে রাশিয়ার একটি রাসায়নিক কারখানায় হামলার খবর পাওয়া গেছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। রাশিয়ার একটি স্বাধীন অনলাইন সংবাদমাধ্যম জানিয়েছে, নোভোমোস্কোভস্ক শহরের একটি রাসায়নিক কারখানা ও একটি জলবিদ্যুৎ কেন্দ্রে হামলার পর আগুন ধরে যায়। যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ আসেনি।
রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র জানিয়েছেন, শহরের দিকে উড়ে আসা অন্তত ৪৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
অন্যদিকে ইউক্রেনের নিরাপত্তা সংস্থার দাবি, ক্রিমিয়ার গুরুত্বপূর্ণ বন্দর শহর কের্চে রুশ নৌবাহিনীর জাহাজ এবং আকাশ প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে সংশ্লিষ্ট জাহাজ ও সামরিক স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছে।
আপনার মতামত লিখুন :