পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মা-মেয়েকে আটক করে ফেরত দিল বিএসএফ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে এক নারী ও তার শিশুকন্যাকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত দেওয়া হয়।
শুক্রবার রাতে সীমান্তের মূল পিলার ৭৫১ থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে সিপাহীপাড়া এলাকা থেকে মা-মেয়েকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একটি টহল দল। বিষয়টি জানানো হলে রাত ৭টার দিকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আটক ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা যাচাই-বাছাই শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করে।
পরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর মাধুপাড়া ক্যাম্পের সদস্যরা রাতেই আটককৃতদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।
আটককৃতরা হলেন মাদারীপুর জেলার শিবচর উপজেলার দওপাড়া এলাকার ইমরান হোসেনের স্ত্রী বৃষ্টি খাতুন (২৫) এবং তার তিন বছর বয়সী মেয়ে আয়েশা খাতুন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মাধুপাড়া সীমান্ত দিয়ে বৃষ্টি খাতুন তার মেয়েকে নিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৯৩ নম্বর ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের টহল দল তাদের আটক করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ওই নারী এর আগেও একবার ভারতে গিয়েছিলেন। সেখানে মাইদুল শেখ নামে তার আরেক স্বামী রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি তার কাছেই যাচ্ছিলেন। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :