হরমুজ সংকটের মাঝেই লোহিত সাগরে নতুন হামলা, সৌদি ট্যাংকারে আগুন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। একই সময়ে যুক্তরাষ্ট্র টানা ১২তম রাতের মতো ইরানে সামরিক হামলা চালিয়েছে, ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা আরও বেড়েছে।
বুধবার (২২ জুলাই) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, 'এনসেলিয়া' ও 'লায়লা' নামের দুটি তেলবাহী ট্যাংকার তাদের ঘোষিত নৌ অবরোধ অমান্য করায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তিনি বলেন, গাজা ও আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে ঘোষিত নৌ অবরোধ কার্যকর রাখতে হুতিদের সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও জাহাজে হামলা চালানো হবে।
এদিকে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন (UKMTO) জানিয়েছে, সৌদি আরবের আল শুকাইক উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে বুধবার রাতে একটি সৌদি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরবের তেল পরিবহনের জন্য লোহিত সাগর এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে। তবে সাম্প্রতিক হামলার কারণে এই রুটের নিরাপত্তা নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
হুতিদের দাবি, তাদের অভিযানের মুখে ইতোমধ্যে অন্তত ১০টি জাহাজ পথ পরিবর্তন বা ফিরে যেতে বাধ্য হয়েছে। একই সঙ্গে খবর এসেছে, ইরানে যুক্তরাষ্ট্রের টানা ১২তম রাতের সামরিক হামলাও আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।
আপনার মতামত লিখুন :