উত্তর সীমান্তে বিজিবির তিন অভিযানে ভারতীয় মদ ও মোবাইল ডিসপ্লে জব্দ, আটক ১
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: রিয়াজ, শেরপুর জেলা প্রতিনিধি :
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ভারতীয় মদ ও অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ২১ মে ২০২৬ তারিখে পৃথক তিনটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গজারীবাগান ও শ্রীবরদী উপজেলার দার্শিকোনা সীমান্ত এলাকা দিয়ে এসব পণ্য পাচারের চেষ্টা করা হয়। এ তথ্যের ভিত্তিতে ঝিনাইগাতী হলদিগ্রাম বিওপি, কর্ণঝোড়া বিওপি ও সূর্যপুর বিওপির টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৩২ বোতল অবৈধ মদ এবং বিপুল পরিমাণ ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের বিরুদ্ধে শ্রীবরদী থানা-এ একটি মামলা রুজু করা হয়েছে।
বিজিবির হিসাবে, জব্দকৃত মদের সিজার মূল্য ৩ লাখ ৪৮ হাজার টাকা এবং মোবাইল ফোনের ডিসপ্লের সিজার মূল্য ৮৮ লাখ ৬২ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার করা মালামালের মোট সিজার মূল্য দাঁড়ায় ৯২ লাখ ১০ হাজার টাকা।
এ বিষয়ে ৩৯ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী তৎপরতা জোরদার থাকায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরালোভাবে চলবে।
আপনার মতামত লিখুন :