‘ট্রাম্প-সদৃশ’ অ্যালবিনো মহিষ যাচ্ছে চিড়িয়াখানায়, ক্রেতাকে টাকা ফেরত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

কেরানীগঞ্জ সংবাদদাতা :

গোলাপি ত্বক ও সোনালি লোমের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে সাদৃশ্য টেনে নামকরণ করা বিরল এক মহিষকে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৬৮০ কেজি ওজনের এই ‘অ্যালবিনো’ প্রজাতির মহিষটিকে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানা-য় রাখা হবে।

বুধবার (২৭ মে) বিকেলে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে মহিষটিকে উদ্ধার করে পুলিশ। পরে সেটিকে নিরাপত্তার স্বার্থে থানায় নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি।

জানা গেছে, নারায়ণগঞ্জের ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’ থেকে মহিষটি কিনেছিলেন কেরানীগঞ্জের বাসিন্দা মনিরুজ্জামান। সম্প্রতি লালগালিচা বিছিয়ে রাজকীয় সাজে মহিষটিকে বিদায় জানানোর ছবি ও ভিডিও দেশীয় গণমাধ্যমে প্রকাশ পেলে তা দ্রুত আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ও দ্য ইন্ডিপেনডেন্টসহ বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স এ নিয়ে আলাদা প্রতিবেদন প্রকাশ করে।

এই বিপুল আগ্রহ এবং প্রাণীটির বিরল বৈশিষ্ট্যের কথা বিবেচনায় নিয়ে সরকার কোরবানির পশু হিসেবে জবাই না করে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আপাতত ব্যক্তিগত উদ্যোগে মহিষটি কিনে নিয়েছেন। পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রাণীটির পরিচর্যা ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাণিসম্পদ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন।

সরকারের পক্ষ থেকে ক্রেতা মনিরুজ্জামানকে পশুর ন্যায্য মূল্য পরিশোধ অথবা কোরবানির জন্য বিকল্প গরু দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ও ভেটেরিনারি চিকিৎসক মো. আতিকুর রহমান জানান, মহিষটির জন্য আলাদা বড় শেড প্রস্তুত করা হয়েছে। তবে স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে প্রথমে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে রাখা হবে।

তিনি বলেন, ত্বকে ‘মেলানিন’ নামের রঞ্জক পদার্থের ঘাটতির কারণে এমন অ্যালবিনো বৈশিষ্ট্য দেখা যায়। প্রতি ১০ হাজার মহিষের মধ্যে গড়ে মাত্র একটির ক্ষেত্রে এ ধরনের বৈশিষ্ট্য পাওয়া যায়, যা একে অত্যন্ত বিরল করে তুলেছে।

বিরল এই প্রাণীটি এখন শুধু কৌতূহলের বিষয় নয়, বরং দেশের জীববৈচিত্র্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবেও বিবেচিত হচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ