হিজবুল্লাহর উন্নত ড্রোনে বিপাকে ইসরায়েল, বহু সামরিক অভিযান ভেস্তে যাচ্ছে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননের শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ-র উন্নত ড্রোন সক্ষমতার কারণে সামরিক অভিযানের পরিকল্পনা বাস্তবায়নে চরম বেগ পেতে হচ্ছে ইসরায়েলি বাহিনী। ড্রোনের নজরদারি এড়াতে দিনের পরিবর্তে রাতে অভিযান চালানোর কৌশল নিয়েও প্রত্যাশিত ফল মিলছে না। অনেক ক্ষেত্রেই পুরো অভিযান বাতিল করতে বাধ্য হচ্ছে তারা।

এই পরিস্থিতিকে ‘বড় হুমকি’ হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার ইসরায়েলের কান নিউজের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানায় ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি।

প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর বিস্ফোরকবাহী ড্রোন দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনীর কার্যক্রম পরিচালনার সক্ষমতাকে মারাত্মকভাবে সীমিত করে ফেলেছে। এসব ড্রোনের নজরদারির কারণে ইসরায়েলি সামরিক অভিযানের প্রায় ৮০ শতাংশই ব্যাহত হচ্ছে।

ড্রোন নজরদারি এড়াতে সেনা চলাচল ও হামলার সময়সূচি দিনে থেকে রাতে সরিয়ে নেওয়া হলেও বেশ কয়েকটি অভিযান শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারাও স্বীকার করেছেন, হিজবুল্লাহর ড্রোন হামলার কারণে দখলদার বাহিনীর হতাহতের সংখ্যা বাড়ছে।

কান নিউজ জানায়, ইসরায়েলি সেনাবাহিনীতে কার্যকর ড্রোন প্রতিরোধী সরঞ্জামের ঘাটতি রয়েছে। বর্তমানে প্রতিটি সামরিক ইউনিটে মাত্র সীমিত সংখ্যক সদস্যের কাছেই এমন প্রতিরক্ষা ব্যবস্থা আছে।

অন্যদিকে দক্ষিণ লেবাননজুড়ে হিজবুল্লাহর প্রায় ১০০ জন ড্রোন অপারেটর মোতায়েন রয়েছে। কয়েক দিন আগেই ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে স্বীকার করেন, হিজবুল্লাহর দ্রুত উন্নত হওয়া ড্রোন প্রযুক্তি তাদের সামরিক বাহিনীকে কার্যত অপ্রস্তুত অবস্থায় ফেলেছে।

বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহ বর্তমানে ফাইবার-অপটিক প্রযুক্তিনির্ভর ড্রোন ব্যবহার করছে। এসব ড্রোনে রেডিও সিগন্যালের পরিবর্তে অতি সূক্ষ্ম অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহৃত হয়, যা প্রচলিত জ্যামিং ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থাকে এড়িয়ে যেতে সক্ষম। ফলে এগুলো শনাক্ত করাও কঠিন হয়ে পড়ছে।

এই ড্রোন সক্ষমতাকে বড় হুমকি হিসেবে চিহ্নিত করে দ্রুত কার্যকর প্রতিরোধ ব্যবস্থা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

প্রতিবেদনে আরও বলা হয়, লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে চলতি এপ্রিল থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রায় ২৩০টি প্রজেক্টাইল এবং ১০০টির বেশি বিস্ফোরক ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ