মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক হওয়ার পর ছাড়া পেলেন রাহুল-প্রিয়াঙ্কা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আটক হওয়া লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে কয়েক ঘণ্টা পর মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, মঙ্গলবার (২১ জুলাই) সকালে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন রাহুল গান্ধী। সারা রাত সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর পুলিশ তাকে আটক করে। পরে ছত্রসাল স্টেডিয়াম থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
অন্যদিকে, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে মন্দির মার্গ থানায় রাখা হয়েছিল। পরে তাকেও ছেড়ে দেওয়া হয়। এ সময় কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী থানায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।
এ ছাড়া, সোমবারের সংঘর্ষের ঘটনায় আটক আরও প্রায় ৭০ জনকে মঙ্গলবার মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। একই সঙ্গে সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ছয়টি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে।
এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির সভাপতি নিতিন নবীন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ ভারতের রাজনীতির জন্য একটি "দুর্ভাগ্যজনক" ঘটনা এবং একে তিনি "কালো দিন" বলে মন্তব্য করেন।
অন্যদিকে, মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে গভীর রাতে জন্তর মন্তর এলাকায় গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
এর আগে মঙ্গলবার দুপুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনের সামনে জড়ো হন দলটির নেতা-কর্মীরা। সেখান থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের উদ্দেশে মিছিল শুরু হলে নিরাপত্তা জোরদার করে দিল্লি পুলিশ। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য ও র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ)।
বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে ঘটনাস্থলে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তবে তার আশ্বাসের পরও কংগ্রেস নেতারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এদিকে, বিজেপির একাংশ দাবি করেছে, পুরো বিক্ষোভ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে, আম আদমি পার্টির নেতা সোমনাথ ভারতী অভিযোগ করেন, রাহুল গান্ধী আন্দোলনের মূল ইস্যুকে দুর্বল করার চেষ্টা করছেন এবং তার অবস্থান রাজনৈতিক চাপের ফল।
আপনার মতামত লিখুন :