নেপালের বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ ডলার সহায়তা বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নেপাল সরকারকে ১০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি চিঠি হস্তান্তরের সময় এ আর্থিক সহায়তার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এই অর্থ দেওয়া হয়েছে। উত্তর নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তা করতেই এই অর্থ দেওয়া হয়েছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে বাংলাদেশের পক্ষ থেকে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়।
এ ছাড়া গত ২৭ আগস্ট নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
নেপালের এই কঠিন সময়ে আর্থিক সহায়তার মাধ্যমে বাংলাদেশের পক্ষ থেকে দেশটির জনগণের প্রতি সংহতি ও মানবিক সহযোগিতার বার্তা দেওয়া হলো।
আপনার মতামত লিখুন :