দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৭৭৬
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৭৬ জন।
শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৬ জনের মধ্যে ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, আর ৬৭৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছেন ৭৬৯ জন এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৮ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জনের এবং হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪০ জনের। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৩৭২ জনে।
এছাড়া, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৩ হাজার ২০০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :