জকিগঞ্জ-কানাইঘাটে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি আবুল হাসান, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জাহিদুল ইসলাম, সিলেট জেলা প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় সুরমা ও কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান।
মঙ্গলবার (১২ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ভুক্তভোগী মানুষের সঙ্গে কথা বলেন। এর আগে সোমবার (১১ মে) তিনি কানাইঘাট উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভাঙন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এমপি জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের পিয়াইপুর ও বারজানি এলাকার কুশিয়ারা নদীর একাধিক ভাঙন স্পট, বারহাল ইউনিয়নের চক সুইস গেইট ও কোনাগ্রাম এলাকার সুরমা নদীর ভাঙন এবং মানিকপুর ইউনিয়নের বাল্লাহ তোপখানা এলাকা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এমপি আবুল হাসান বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তিনি সবসময় আছেন এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। জরুরি ভিত্তিতে নদী শাসন ও প্রতিরোধমূলক কাজ শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এতে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনি দাস, পাউবো’র সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান ভূইয়া, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ সম্পাদক রহমত আলী হেলালী, সহকারী প্রকৌশলী জসিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :