আজতেকায় মেক্সিকোকে হারাতে যৌন শক্তিবর্ধক ট্যাবলেট খেয়ে নামছেন কেইন-বেলিংহামরা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম মেক্সিকোর জন্য শুধু একটি ফুটবল মাঠ নয়, কার্যত এক অজেয় দুর্গ। এই ভেন্যুতে এখন পর্যন্ত ৮৯ ম্যাচ খেলেছে স্বাগতিকরা, যেখানে হার মাত্র দুইবার। সর্বশেষ পরাজয়টি এসেছিল ২০১৩ সালে। বিশ্বকাপের মঞ্চে তো এই মাঠে এখনো অপরাজিত মেক্সিকো। এখানে বিশ্বকাপে ১০ ম্যাচে তাদের সংগ্রহ ৮ জয় ও ২ ড্র।

এই কঠিন বাস্তবতা মাথায় রেখেই আগামীকাল সকালে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ইংল্যান্ড–এর মুখোমুখি হতে যাচ্ছে মেক্সিকো। ম্যাচের আগেই অবশ্য ইংল্যান্ড শিবিরকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে ইংল্যান্ডের ফুটবলাররা  যৌন শক্তিবর্ধক ট্যাবলেট (ভায়াগ্রা) ব্যবহার করতে পারেন। 

প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ডের কোচ থমাস টুখেল–এর অনুমতিতেই দলটির চিকিৎসকরা এই সিদ্ধান্ত বিবেচনায় এনেছেন। আজতেকা স্টেডিয়াম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭ হাজার ৩৫০ ফুট বা ২ হাজার ২৪০ মিটার উঁচুতে অবস্থিত। এত উচ্চতায় বাতাসে অক্সিজেনের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। ফলে যেসব খেলোয়াড় এ ধরনের পরিবেশে অভ্যস্ত নন, তারা দ্রুত ক্লান্ত হয়ে পড়তে পারেন এবং পুরো ম্যাচজুড়ে স্ট্যামিনা ধরে রাখা কঠিন হয়ে ওঠে।

এই সমস্যার সমাধান হিসেবে রক্তনালি প্রসারিত করে রক্তসঞ্চালন বাড়াতে সহায়ক একটি উপায় হিসেবে ভায়াগ্রার কথা ভাবা হয়েছে। সাধারণত এটি যৌন অক্ষমতার চিকিৎসায় ব্যবহৃত হলেও, উচ্চতায় অক্সিজেন স্বল্পতার প্রভাব মোকাবিলায় এর সম্ভাব্য ভূমিকা নিয়ে আগেও বৈজ্ঞানিক আলোচনা হয়েছে।

এ বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা) ভায়াগ্রাকে নিষিদ্ধ ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত করেনি। ফলে প্রতিযোগিতার আগে কিংবা চলাকালীন এটি ব্যবহার আইনগতভাবে নিষিদ্ধ নয়। ওয়াডা দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে গবেষণা করলেও ভায়াগ্রা সরাসরি খেলোয়াড়দের পারফরম্যান্স বাড়ায়- এমন চূড়ান্ত প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে বেশি উচ্চতায় শরীরকে মানিয়ে নিতে এটি কিছুটা সহায়ক হতে পারে বলে ধারণা করা হয়।

সব মিলিয়ে এখন ফুটবলপ্রেমীদের কৌতূহল এক জায়গাতেই। আজতেকার ঐতিহাসিক দুর্গ ভাঙতে হ্যারি কেইন ও জুড বেলিংহামদের এই ব্যতিক্রমী প্রস্তুতি মাঠে কতটা ফল দেয়, সেটিই দেখার অপেক্ষা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ