বান্দরবানের রুমা উপজেলায় স্বাস্থ্যসেবায় নতুন সহায়তা, চিকিৎসা সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
এলেক্স বড়ুয়া :
প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও সহজলভ্য করতে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে।
রুমা উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চিকিৎসা সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং জরুরি মুহূর্তে অক্সিজেনের সংকট মোকাবিলায় জেলা প্রশাসক এ সহায়তা প্রদান করেছেন। এর ফলে হাসপাতালের জরুরি চিকিৎসাসেবার সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং রোগীরা দ্রুত প্রয়োজনীয় সেবা পাবেন।
চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা আক্তার বিথী এবং বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মাহফুজুর রহমান সৈকত, সাংবাদিক রমজান আলী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে জেলা প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক সহায়তা অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :