মন্ত্রিসভার অনুমোদন পেল ২০২৬–২৭ অর্থবছরের বাজেট, সংসদে উপস্থাপন আজ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। অনুমোদনের পর আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।
আসন্ন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে সংগ্রহ করা হবে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা। আর অভ্যন্তরীণ উৎস থেকে আসবে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা, যার মধ্যে ব্যাংকব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ–এর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাজেট প্রস্তাবটি সংসদে উত্থাপন করা হবে। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট। একই সঙ্গে বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট উপস্থাপন হতে যাচ্ছে।
সংবিধানিক নিয়ম অনুযায়ী, সংসদে উপস্থাপনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর সম্মতির মাধ্যমে বাজেটটি অনুমোদিত হবে। নতুন অর্থবছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আগামী ১ জুলাই থেকে বাজেটটি কার্যকর হবে।
আপনার মতামত লিখুন :