দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড, এক রাতে ১৭ হাজার ২০০ মেগাওয়াট
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশের বিদ্যুৎ খাতে নতুন ইতিহাস তৈরি হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টায় দেশে সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ উৎপাদনের নতুন রেকর্ড।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সূত্রে জানা গেছে, এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। সেই রেকর্ডটি তৈরি হয়েছিল ২০২৫ সালের ২৩ জুলাই।
বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা জানান, সন্ধ্যার পর থেকেই দেশের বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ চাপ তৈরি হয়। বিশেষ করে গরমের মৌসুমে আবাসিক খাতে শীতলীকরণ যন্ত্র, বিশেষ করে এসির ব্যবহার বেড়ে যাওয়ায় পিক লোড দ্রুত বৃদ্ধি পায়।
দেশে মোট বিদ্যুৎ ব্যবহারের সবচেয়ে বড় অংশ আসে আবাসিক খাত থেকে। মোট ব্যবহারের প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ বিদ্যুৎ ব্যয় হয় বাসা-বাড়িতে, যেখানে ফ্যান, লাইট, এসি ও অন্যান্য দৈনন্দিন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহৃত হয়।
শিল্প খাতেও বিদ্যুৎ ব্যবহারের চাপ উল্লেখযোগ্য। মোট ব্যবহারের প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার করে শিল্প কারখানাগুলো। এর মধ্যে তৈরি পোশাক শিল্প (আরএমজি), টেক্সটাইল ও ভারী শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এছাড়া বাণিজ্যিক খাতে, যেমন মার্কেট, অফিস, হোটেল ও রেস্তোরাঁয় প্রায় ১০ শতাংশ বিদ্যুৎ ব্যবহার হয়। বাকি অংশ ব্যবহৃত হয় কৃষি ও সেচ কার্যক্রম, সড়ক ও জনপথের আলোকসজ্জা এবং বিভিন্ন জনসেবামূলক কাজে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, বর্তমানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াটের বেশি। তবে বাস্তব উৎপাদন নির্ভর করে জ্বালানি সরবরাহ, বিদ্যুৎকেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ এবং চাহিদার ওঠানামার ওপর।
বিদ্যুৎ উৎপাদনের এই নতুন রেকর্ডকে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :