নবীর নাম শুনে দরূদ পাঠ, রাসুল প্রেমের সহজ প্রমাণ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ইসলাম ডেস্ক :
মানব ইতিহাসে আল্লাহর সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ হলো মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম; যাঁর মাধ্যমে বিশ্বমানবতা পথ, আলো ও মর্যাদার সত্য রূপটি চিনতে পেরেছে। তাঁর নাম উচ্চারিত হওয়া মানেই রহমত, নূর ও দয়ার বার্তা স্মরণ করা। তাই মুমিন হৃদয় যখন তাঁর নাম শোনে, তখন জিহ্বা স্বতঃস্ফূর্তভাবেই দরূদের সৌরভ ছড়িয়ে দেয়। আর যে হৃদয় এত বড় নিয়ামতের স্মরণেও নড়েচড়ে বসে না তার দারিদ্র্য বস্তুগত নয়, আত্মিক।
ঠিক এ সত্যই স্বয়ং মহানবী (সা.) একটি হাদিসে স্পষ্টভাবে তুলে ধরেছেন-
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْبَخِيلُ الَّذِي مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَىَّ " .
আলী ইবনু আবি তালিব (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কৃপণ সেই লোক, যার কাছে আমার আলোচনা করা হয় অথচ সে আমার ওপর দরূদ পড়ে না। (তিরমিজি, হাদিস : ৩৫৪৬)
হাদিসের শিক্ষা
মহানবী (সা.)-এর নাম উচ্চারিত হওয়া মানেই তাঁর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মানের নব নব স্মরণ। তাই তাঁর নাম শুনে দরূদ পাঠ করা ঈমানের স্বাভাবিক প্রতিক্রিয়া। এই হাদিসে মহানবী (সা.) যাকে ‘কৃপণ’ বলেছেন, সে হৃদয়ের দিক থেকে কৃপণ।
যার কাছে নবীর নাম উচ্চারিত হয়, কিন্তু সে দরূদ পড়ে না, সে নিজের জন্য বরকত, রহমত ও মাগফিরাতের দুয়ার বন্ধ করে দেয়।
মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবী (সা.)-এর নামের প্রতি থাযথ সম্মান প্রদর্শনের তাওফিক দান করুন। তাঁর দেখানো আলোকময় পথে জীবন পরিচালনার তাওফিক দান করুন।
আপনার মতামত লিখুন :