অনলাইন ডেস্ক :
আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করবেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে তার বগুড়ায় প্রথম সরকারি সফর হবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের জানান, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে বগুড়া থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকায় অবস্থিত শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে নামাজের আগে তিনি এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, কার্ডধারী পরিবার প্রতিমাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই সুবিধা দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীদের জন্য প্রযোজ্য।
প্রাথমিকভাবে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালিত হবে। সম্ভাব্য সুফলভোগী পরিবার চিহ্নিত করতে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। দরিদ্র পরিবারের প্রকৃত চিত্র নির্ধারণে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। জেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীরাও সফরের প্রস্তুতি সম্পন্ন করছে।
আপনার মতামত লিখুন :