দাসত্ব নয়, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে বন্ধুত্বের : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা :

বাংলাদেশ কোনো দেশের সঙ্গে দাসত্বের সম্পর্ক চায় না। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, ভারতসহ বিশ্বের কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দাসত্বের নয়, বন্ধুত্বের হবে। জাতীয় স্বার্থ ও দেশের মর্যাদা অক্ষুণ্ন রেখেই প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুব্রত রঞ্জন হাজরার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত আন্তরিক হলে এবং বাংলাদেশ সরকারের উত্থাপিত শর্তগুলো পূরণে ইতিবাচক অবস্থান নিলে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় ভারতকে সহযোগিতা করার আহ্বান জানান হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত অন্যান্য বিষয়েও ভারত সরকার ইতিবাচক ভূমিকা রাখলে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে।

তিনি আরও বলেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের দাবিগুলো পূরণে ইতিবাচক সাড়া পাওয়া গেলে প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফর করতে পারেন।

ওসমানীনগরের গোয়ালাবাজার ও তাজপুর বাজারকে পৌরসভায় রূপান্তরসহ এলাকার বিভিন্ন উন্নয়ন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের ক্ষেত্রে কেউ কারও শত্রু নয়। ব্যক্তি বা রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে এলাকার উন্নয়নের স্বার্থে সব মত ও পথের মানুষকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, ওসমানীনগরের সার্বিক উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ